মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার মরাদন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজু এবং কুমিল্লার মহসিন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানতে পারে, নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা ৫ থেকে ৬ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দল উপজেলার ষাটনল ও ছেংগারচর পৌরসভা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরাদন এলাকার শিকদার বাড়িকে সম্ভাব্য ডাকাতির লক্ষ্য হিসেবে চিহ্নিত করে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন তিনজনকে দেখে ধাওয়া করলে তাঁরা পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে একজন পাশের ধানখেতে আত্মগোপন করেন।
পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজুকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় রামদা ও তালা কাটার সরঞ্জামসহ মহসিনকেও গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, কারাগারে থাকার সময় তাঁদের মধ্যে পরিচয় হয়। পরে তাঁরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতির মামলা দিয়ে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে।

