সরকারি খাল ভরাটে বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

সরকারি খাল ভরাটে বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সরকারি খাল ভরাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খাল ভরাটে ব্যবহৃত ড্রেজার মেশিনটি অকেজো করে দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শনে গিয়ে সরকারি খাল ভরাটের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযুক্ত মোবারক পাটোয়ারীকে ঘটনাস্থল থেকে আটক করা হলে তিনি অভিযোগ স্বীকার করেন।

পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জরিমানা পরিশোধে ব্যর্থ হলে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানের সময় সরকারি খাল ভরাটে ব্যবহৃত অভিযুক্তের পরিচালিত ড্রেজার মেশিনটি অকেজো করে দেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের ভাষ্য, ভবিষ্যতে পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি করে এ ধরনের কর্মকাণ্ড যেন পুনরায় পরিচালিত না হয়, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। এ সময় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, সরকারি খাল, নদী ও জলাশয় ভরাটের মাধ্যমে পরিবেশের ক্ষতি এবং জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *