চাঁদপুর জেলা পরিষদের ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর জেলা পরিষদের ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব খাতে ২৪ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ হিসেবে ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম বলেন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, জেলা পরিষদকে আর্থিকভাবে আরও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বেদখল হওয়া জমি উদ্ধার, পুকুর খনন এবং বিভিন্ন আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব সম্পদের আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জেলা পরিষদের রাজস্ব বৃদ্ধি ও সেবার মান উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রশাসক আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; এটি চাঁদপুর জেলার উন্নয়ন, জনকল্যাণ ও টেকসই অগ্রগতির একটি পরিকল্পিত রূপরেখা। তাঁর ভাষ্য অনুযায়ী, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে এবং এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বলেন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের পরিকল্পনা, জনস্বার্থ এবং টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়েই বাজেট প্রস্তুত করা হয়েছে। সরকারের নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, রাজস্ব আয় বৃদ্ধি এবং জেলা পরিষদের নিজস্ব সম্পদের কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইশমাম, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাছিমা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, রহিম বাদশা, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, যমুনা টিভির জেলা প্রতিনিধি ইব্রাহীম রনি, এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ইসতিয়াক হাসান, জেলা পরিষদের সহকারী পরিচালক শাহাদাত হোসেন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *