ধর্ষণ মামলায় চাঁদপুর হাসপাতালে কর্মরত নার্স গ্রেপ্তার

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : ধর্ষণ মামলায় কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মেহেদী হাছান (৩৯) কে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে চাঁদপুর সদর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্ব থেকেই গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

গ্রেপ্তারকৃত মো. মেহেদী হাছান (৩৯) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে আসামি মেহেদী হাছান এক নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং পরে মামলা দায়ের করেন।

মামলাটি কুমিল্লা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে। তদন্ত শেষে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *