ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৪
উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার মদনেরগাঁও এলাকার পাটোয়ারী বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুপুর আড়াইটার দিকে মিঠুন পাটোয়ারীর বাড়ির সামনে খোলা স্থান এবং রান্নাঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মিঠুন পাটোয়ারী (৩৫), খাদেমুল ইসলাম বাবু (৩৭), মনির শেখ (২৮) এবং আনিছুর রহমান (২২) নামে চারজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে অভিযানের পর এলাকায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে বিভিন্ন মহলে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে পুলিশ। এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত সংখ্যা ২৮০ পিস। ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ধরনের গুজব ও অপপ্রচার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান মাদকবিরোধী কার্যক্রমকে ব্যাহত করতে পারে। একই সঙ্গে এসব তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি করে।

ফরিদগঞ্জ থানা পুলিশ জনসাধারণকে কোনো তথ্য প্রচার বা বিশ্বাস করার আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছে এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *