গরুর হাটে চাঁদাবাজি বরদাশত করা হবে না : ফরিদ আহমেদ মানিক

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

মহসীন মিয়া / আবুল কালাম আজাদ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, গরুর হাটে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের স্থান হবে সরাসরি কারাগারে।

শনিবার (২৩ মে) বিকেলে হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মানিক বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চুরির ঝুঁকি থাকে। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি।

তিনি আরও জানান, কোনো অপরাধই ছোট নয় এবং অপরাধীর পরিচয় নয়, অপরাধই বিবেচ্য হবে। “যেই অপরাধ করুক, কাউকে ছাড় দেওয়া হবে না”—এমন কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে এমপি মানিক বলেন, প্রতিটি গরুর হাটে নজরদারি বাড়াতে হবে এবং কোনো অনিয়ম বা অপরাধ দেখা গেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

তিনি আরও বলেন, তথ্য দিয়ে সহযোগিতা করলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। এতে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেওয়া হয়।

এছাড়া বক্তব্য দেন নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক–সামাজিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *