চাঁদপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে কোমলমতি শিশুদের মানববন্ধন

চাঁদপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে কোমলমতি শিশুদের মানববন্ধন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শহরের অঙ্গীকার ভাস্কর্যের সামনে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘আপন’ ও ‘আপন কিডস এন্ড অ্যাডভান্স স্পোকেন’।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সংগঠনের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “নির্যাতন নয়, নিরাপত্তা চাই”, “ধর্ষণের বিচার চাই”সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে। তারা শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর আইন প্রয়োগের দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘আপন’-এর সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. আশরাফুল আরিফ। তিনি বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

যুগ্ম সম্পাদক সিত্তুল মুনা চৈতি বলেন, সন্তানদের নিরাপদ ভবিষ্যতের দাবিতে তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো শিশুকে যেন নির্যাতনের শিকার হতে না হয়, সে জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া এক ক্ষুদে শিক্ষার্থী ভয়মুক্ত পরিবেশে বেড়ে ওঠার আকাঙ্ক্ষা প্রকাশ করে শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবি জানায়।

সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের বিভিন্ন ঘটনা সামাজিক উদ্বেগ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে সচেতনতা বৃদ্ধি ও দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন জেলায় নাগরিক সমাজ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলো ধারাবাহিক কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *