নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে ‘জীবিকা চাঁদপুর-৫’ প্রকল্পের আওতায় ২ হাজার উপকারভোগীর মাঝে ২ কোটি টাকার তহবিল বিতরণ করা হয়েছে। যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে বাস্তবায়িত এ কর্মসূচির লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।
সোমবার (২৯ জুন) সকালে চাঁদপুরের বাবুরহাটে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শাখায় ‘মানব উন্নয়ন কর্মসূচি-৫’ প্রকল্পের আওতায় তহবিল হস্তান্তর ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের ২ হাজার উপকারভোগীর হাতে মোট ২ কোটি টাকার সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, যাকাত শুধু ধর্মীয় বিধান নয়, এটি একটি কার্যকর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা। পরিকল্পিত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তিনি বলেন, ড্যাফোডিল ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অনুকরণীয় দৃষ্টান্ত। সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করলে সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসক আরও বলেন, সহায়তা হিসেবে পাওয়া অর্থ ভোগের পরিবর্তে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করলে উপকারভোগীরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। তাতেই প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান খান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খান, ড্যাফোডিল ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মো. জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা এবং ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বাবুরহাট কলেজের উপাধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ ফরাজী, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সেলিম মিয়া এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ আই. কে. হেলালসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মানব উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ দারিদ্র্য হ্রাসের পাশাপাশি একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

