শাহরাস্তিতে মানবসেবার অনন্য দৃষ্টান্ত, আলো ছড়াচ্ছে একঝাঁক তরুণ

শাহরাস্তিতে মানবসেবার অনন্য দৃষ্টান্ত, আলো ছড়াচ্ছে একঝাঁক তরুণ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

জাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তি উপজেলায় একদল তরুণের মানবিক উদ্যোগ আজ স্থানীয় সমাজে ইতিবাচক পরিবর্তনের উদাহরণ হয়ে উঠেছে। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৯ সালের ১০ মে যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে সফলতার সঙ্গে অষ্টম বছরে পদার্পণ করেছে।

“সৃষ্টির সেবা করলে স্রষ্টাকে পাওয়া যায়”—এই আদর্শকে সামনে রেখে পরিচালিত সংগঠনটির কার্যক্রম স্থানীয় সচেতন নাগরিক ও প্রবাসীদের আর্থিক ও নৈতিক সহযোগিতায় ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। মানবিক সহায়তার পাশাপাশি এলাকার তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি।

সংস্থাটির সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, নগদ আর্থিক সহায়তা এবং শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগ। একই সঙ্গে ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধীদের চিকিৎসা ব্যয়ে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এছাড়া নিম্নআয়ের পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা, বিধবা ও এতিমদের পুনর্বাসন এবং বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচিও পরিচালনা করছে সংগঠনটি। প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

মানবিক কর্মকাণ্ডে ধারাবাহিক অবদানের কারণে সংগঠনটি স্থানীয় প্রশাসনেরও প্রশংসা অর্জন করেছে। সম্প্রতি শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সংগঠনের ২০২৬ সালের কার্যকরী কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ওমর ফারুক। সভাপতি মঞ্জুর হোসেন সজিব ও সাধারণ সম্পাদক সাহাবদ্দিনের নেতৃত্বে ২৩ সদস্যের কার্যকরী কমিটি এবং ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, “আমাদের লক্ষ্য কোনো ব্যক্তিগত পরিচিতি বা খ্যাতি অর্জন নয়। আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছি। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা একদিন দেশের অন্যতম মানবিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করবে—এটাই আমাদের প্রত্যাশা। এই পথচলায় দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় বাসিন্দাদের মতে, সংগঠনের সদস্যরা যেভাবে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ান, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের বিশ্বাস, দেশের প্রতিটি এলাকায় এমন মানবিক সংগঠন গড়ে উঠলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। শাহরাস্তির এই উদ্যোগ ইতোমধ্যে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *