নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের দুটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসন। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চাঁদপুর সদর এলাকায় পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বাসি খাবার বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে চেয়ারম্যান ঘাট এলাকার ইউরেশিয়া রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে অস্বাস্থ্যকর ও বাসি খাবার সংরক্ষণ, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস রাখা, পোড়া তেল ব্যবহার, অনুমোদনহীন চকোলেট সিরাপ এবং মেয়াদোত্তীর্ণ দই ও ফিরনি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে হাসান আলী মাঠসংলগ্ন আরোম্যাক্স রেস্টুরেন্টে বাসি খাবার সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় চাঁদপুরে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

