স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা-২০২৬-এর উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তিনি পর্যায়ক্রমে চারটি মন্দিরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন।
সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রথমে শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির, পরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া এবং পুরাণ বাজার হরিসভা জগন্নাথ মন্দিরে আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের পরিবেশে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মূল্যবোধই দেশের সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। রথযাত্রা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতারও প্রতীক।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালনের সুযোগ সৃষ্টি করা সবার দায়িত্ব। চাঁদপুরে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
শেখ ফরিদ আহম্মেদ মানিক উপস্থিত সবার উদ্দেশে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিভেদের পরিবর্তে সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি. এম. শাহাজাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত।

