নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে গৃহহীন, দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ৪৯০টি পরিবারের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেন।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের পরিবারের জন্য সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সমাজের সচ্ছল মানুষদেরও মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

