শহরের পুরান বাজারে তিন বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

শহরের পুরান বাজারে তিন বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুরান বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্যে মানচিহ্ন ব্যবহারের অভিযোগে তিনটি বেকারিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত বেকারি পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং জেলা প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন বেকারির উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করে কর্তৃপক্ষ। এ সময় মেঝে ও দেয়ালে ধুলাবালি, নোংরা পরিবেশ এবং প্লাস্টিকের ড্রামে ছত্রাকধরা খাদ্যসামগ্রী সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একটি পাত্রে রাখা বিস্কুটে সাদা ছত্রাক ও ময়লা দেখতে পান কর্মকর্তারা।

পরিদর্শনে আরও জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়াই তাদের পণ্যের মোড়কে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে আসছিল, যা বিদ্যমান আইন লঙ্ঘনের শামিল।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত মীম ফুড প্রোডাক্টস, প্রাইম ফুড প্রোডাক্টস এবং হাজী ফুড প্রোডাক্টস—প্রতিটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫ হাজার টাকা।

অভিযান শেষে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষিত বেকারি পণ্য ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের দ্রুত বিএসটিআই লাইসেন্স গ্রহণ এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

বিএসটিআই কুমিল্লা কার্যালয় জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বাস্থ্য সুরক্ষায় জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *