মতলব দক্ষিণে শিক্ষকদের সঙ্গে এমপি জালাল উদ্দিনের মতবিনিময়

মতলব দক্ষিণে শিক্ষকদের সঙ্গে এমপি জালাল উদ্দিনের মতবিনিময়

উপজেলা সংবাদ মতলব উত্তর উপজেলা মতলব দক্ষিণ উপজেলা স্লাইড

আমির খসরু প্রধান : মতলব দক্ষিণ উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন। সভায় তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই দিনে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও পৃথক মতবিনিময় করেন তিনি।

গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের অবদান অপরিহার্য। তিনি দাবি করেন, বিগত সরকারের সময় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষক সমাজকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সুপ্ত প্রতিভার বিকাশ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পুঁথিগত শিক্ষার বাইরে সততা, সহমর্মিতা, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মতো মানবিক গুণাবলি শিক্ষার্থীদের মধ্যে বিকশিত করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিকসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সুপাররা উপস্থিত ছিলেন।

একই দিনে উপজেলা পরিষদে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায়ও অংশ নেন সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন। সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম স্বাগত বক্তব্য দেন এবং বিএনপি সরকার গঠনের পর মতলব দক্ষিণ উপজেলায় বাস্তবায়িত ও চলমান উন্নয়নমূলক কার্যক্রমের ওপর একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।

পরে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। কোথাও কোনো সমস্যা থাকলে তা জানাতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় বরাদ্দ সংগ্রহ করে টেকসই ও মানসম্মত উন্নয়ন কাজ বাস্তবায়নে তিনি উদ্যোগ নেবেন।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *