নাছির আহমেদ : হাইমচরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা অপহরণ মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে মামলার ভিকটিম ১৪ বছর বয়সী জুমানা আক্তারকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাইমচর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রায়হান গাজী (২০) ও রাকিব গাজী (২২)। তারা আবুল কাশেম গাজী ও পারভিন বেগমের ছেলে।
পুলিশ জানায়, হাইমচর থানায় দায়ের করা এফআইআর নং-২, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২২৮ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় দুজনকেই এজাহারনামীয় আসামি করা হয়।
মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে হাইমচর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালান।
অভিযানে রায়হান গাজী ও রাকিব গাজীকে গ্রেপ্তার করা হয়। একই স্থান থেকে ১৪ বছর বয়সী জুমানা আক্তারকেও উদ্ধার করে পুলিশ।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ওসি জানান, গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হাইমচর থানা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

