কোড়ালিয়া মেটারনিটি স্কুলে মোশারফ ফাউন্ডেশনের পানির ফিল্টার স্থাপন

কোড়ালিয়া মেটারনিটি স্কুলে পানির ফিল্টার স্থাপন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : ‘এক শহর এক স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরের কোড়ালিয়া মেটারনিটি স্কুলে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধকরণ পানির ফিল্টার স্থাপন করেছে মোশারফ ফাউন্ডেশন। সোমবার (৩১ আগস্ট) সকালে অত্যাধুনিক এই পানির ফিল্টারের উদ্বোধন করেন ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ।

একই অনুষ্ঠানে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইমা মোশারফ বলেন, চাঁদপুরকে একটি ঘর এবং এখানকার সব বাসিন্দাকে একই পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা উচিত। সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেরই একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো দরকার। পরিবারের একজন সদস্য কষ্টে থাকলে অন্য সদস্যরাও প্রকৃত অর্থে ভালো থাকতে পারেন না। তাই সবাইকে সম্মিলিতভাবে ভালো থাকার পরিবেশ তৈরিতে কাজ করতে হবে।

তিনি বলেন, চাঁদপুরকে সুন্দর ও নিরাপদ রাখতে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে শহরকে সুন্দর, নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু জনপ্রতিনিধিদের নয়; প্রত্যেক নাগরিকেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে।

নাইমা মোশারফ আরও বলেন, সন্তানদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে। তাদের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

আসন্ন পৌরসভা, সদর উপজেলাসহ বিভিন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচিত করা গেলে তার সুফল সাধারণ মানুষই ভোগ করবেন। নাগরিকসেবার মান বৃদ্ধি ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সক্ষম ব্যক্তিরাই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন—এটাই প্রত্যাশা।

কোড়ালিয়া মেটারনিটি স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. হুমায়ুন কবির বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাসুমা আহমেদ।

আলোচনা সভা শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা। পরে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের জন্য স্থাপন করা বিশুদ্ধকরণ পানির ফিল্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষিকা মাসুমা আহমেদ, মার্জিয়া কামাল, আমেনা আক্তার, জান্নাতুল ফেরদাউস, রেশমা আক্তার, নাছিমা আক্তার ও সানজিদা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *