হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার সন্তান হাসান আল মামুন ৪৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে জাতীয় মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো চাঁদপুর জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
হাসান আল মামুন হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম বাবুল মিয়া ও মমতাজ বেগমের কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই সুজন আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
শিক্ষাজীবনের শুরু থেকেই ধারাবাহিক সাফল্যের পরিচয় দেন হাসান। বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর ২০১২ সালে বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮ অর্জন করেন।
পরবর্তীতে ২০১৪ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮০ লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।
৪৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে তিনি পশ্চিম দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসান আল মামুনের এই অর্জনকে চাঁদপুরের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এই কৃতিত্ব ভবিষ্যতে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

