দুই পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়িকে মারধরের অভিযোগ

দুই পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়িকে মারধরের অভিযোগ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের ডাবেগো বাড়িতে এক বৃদ্ধা মাকে দুই পুত্রবধূ কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শহীদা বেগম (৬০) অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দুই ছেলে ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি নির্যাতনের শিকার হচ্ছেন। সর্বশেষ সোমবার (২৯ জুন) সকালে মারধরের ঘটনার পর তিনি অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী রয়েছেন।

স্থানীয় সূত্র ও পরিবারের স্বজনদের ভাষ্য অনুযায়ী, শহীদা বেগম মৃত বতু মিয়ার স্ত্রী। বয়সজনিত কারণে অসহায় হয়ে পড়া এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কখনো বড় ছেলে কালামের স্ত্রী, আবার কখনো ছোট ছেলে শাহ আলমের স্ত্রী মন্নির বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর দাবি, সোমবার সকালে ছোট ছেলে শাহ আলমের স্ত্রী মন্নি তাকে মারধর করেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে রয়েছেন।

শহীদা বেগমের ভাই দেলু বেপারী বলেন, পারিবারিক বিরোধের কারণে তার বোনকে প্রায়ই নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, দুই ছেলে কালাম ও শাহ আলমের পরিবারের সদস্যদের কাছ থেকেই বারবার এমন ঘটনার মুখোমুখি হচ্ছেন শহীদা বেগম। একজন বৃদ্ধা মায়ের সঙ্গে এমন আচরণের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে শহীদা বেগম বলেন, “আমার দুই ছেলে ও তাদের বউরা আমাকে প্রায়ই মারধর করে। আজ শাহ আলমের স্ত্রী আমাকে মারধর করেছে। আমি আর এই নির্যাতন সহ্য করতে পারছি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা একজন অসহায় বৃদ্ধার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চাঁদপুরের সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহ আলম, তার স্ত্রী মন্নি এবং পরিবারের অন্য সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *