জাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তিতে মাদক ও অপরাধ দমনে পরিচালিত টানা ১০ দিনের বিশেষ অভিযানে ১৪ জন মাদক কারবারি এবং ২ জন পলাতক আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৫০ গ্রাম গাঁজা ও ১১৫ পিস ইয়াবা।
পুলিশ সূত্র জানায়, গত ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই ও এএসআইদের নেতৃত্বে পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে একজন একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি এবং অপরজন ১৫টি মাদক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৯ জুন) চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া বাজার-স্বেতী নারায়ণপুর নুনিয়া সড়কের নোয়া বাড়ির পাশ থেকে সিমাইল গ্রামের মো. রনি হোসেন (২৫)-কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
একই দিনে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার পাটোয়ারী বাড়ির সামনে পুরাতন ব্রিকফিল্ড সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ফেরুয়া গ্রামের মো. আব্দুল হান্নান (২৫)-কে ২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। তবে অভিযানের সময় তার সহযোগী আয়নাতলীর ফারুক প্রকাশ কটি ফারুক (২৯) পালিয়ে যায়।
এছাড়া মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বড় ভবানীপুর (আলী আহম্মদ হাজী বাড়ি) গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মো. কাউছার হোসেন (৩২)-কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এর আগে ২৫ জুন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর (মেহের আলী জমাদ্দার বাড়ি) গ্রামের আনিছুর রহমান (৬০)-কে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আটক করা হয়। একই দিনে শাহরাস্তি পৌরসভার সেনগাঁও এলাকার মো. আরাফাত হোসেন (২৩), মো. মিশন (২০) ও মো. মোবারক হোসেন (২৩)-কে মোট ১১ পিস ইয়াবাসহ এবং টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর (কামার বাড়ি) গ্রামের মো. বিল্লাল হোসেন (৩৭)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
২৪ জুন চিতোষী পূর্ব ইউনিয়নের কালাচো (আজিম মাস্টারের বাড়ি) গ্রামের মো. জিহাদ (১৯)-কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
২২ জুন দোপল্লা এলাকার ১৫টি মাদক মামলার পলাতক আসামি মো. মনু মিয়া (৪০)-কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। একই দিনে মেহের এলাকার আক্তার হোসেন (৩৭) ও জসিম উদ্দিন (৪২)-কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
২১ জুন সূচীপাড়া এলাকার মো. আব্দুল জলিল (৪৫)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ এবং মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকার মো. সোহাগ (৩২)-কে ৪৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী স্বপন (৪৭) পালিয়ে যায়।
অভিযানের প্রথম দিন ২০ জুন টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর (স্বর্ণকার তালুকদার বাড়ি) গ্রামের কামরুল হাসান (২৭)-কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদকমুক্ত শাহরাস্তি গড়ে তোলার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

