স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নবনিযুক্ত সচিব অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন সম্প্রতি অবসর সুবিধা বোর্ডের সচিব হিসেবে নিযুক্ত হন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দপ্তরকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আরও উন্মুক্ত করেছেন। তার মতে, বর্তমানে সারাদেশ থেকে প্রতিদিন শত শত শিক্ষক এসে তাদের সমস্যা জানাচ্ছেন এবং সমাধানের সুযোগ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে অবসর সুবিধা নিয়ে নানা জটিলতা ও হয়রানির অভিযোগ ছিল। তবে এখন ধীরে ধীরে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
লিটন জানান, ২০২১ সাল পর্যন্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধার বকেয়া পরিশোধ করা হয়েছে এবং ২০২৫ সাল পর্যন্ত বকেয়া পরিশোধের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার ভাষায়, খুব শিগগিরই সারাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তত ১০ হাজার শিক্ষককে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অবসরকালীন সুবিধার চেক প্রদান করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শিক্ষকদের সমস্যার বিষয়ে অবগত আছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা ও বাজেট বরাদ্দ দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এবিএম শাহ আলম টিপু। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম খান।
এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জিয়া পরিষদ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হিল বাকি, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহারসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় এবং প্রয়াত শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

