মাদক-সন্ত্রাস দমনে ওয়ার্ডভিত্তিক নজরদারিতে যাচ্ছে সদর উপজেলা প্রশাসন

মাদক-সন্ত্রাস দমনে ওয়ার্ডভিত্তিক নজরদারিতে যাচ্ছে সদর উপজেলা প্রশাসন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিবেদক : মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক সমন্বিত নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্থানীয় প্রতিষ্ঠান ও গ্রাম পুলিশকে সম্পৃক্ত করে তথ্য সংগ্রহের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এস. এম. এন. জামিউল হিকমা বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগের আওতায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মসজিদ, স্কুল, মাদ্রাসা ও বাজারকেন্দ্রিক একটি কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে গ্রাম পুলিশ যুক্ত থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সামাজিক অস্থিরতা সংক্রান্ত তথ্য নিয়মিত ইউনিয়ন পরিষদে জমা দেবেন।

পরবর্তীতে ইউনিয়নভিত্তিক প্রতিবেদন উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হবে এবং সেখানে লক্ষ্যভিত্তিক অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, এ কার্যক্রমে জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, বাজার কমিটি, গ্রাম পুলিশ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তথ্যনির্ভর পরিকল্পনা ও জনসম্পৃক্ততার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সভায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই এবং সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হযরত আলী ঢালী, শাহজালাল মিশনের আখতার হোসেন সাগর, অ্যাডভোকেট শিরিন আক্তার সুপ্তা এবং অ্যাডভোকেট মুনিরা চৌধুরী। সভায় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *