শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা স্লাইড

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর বাংলাবাজার সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মো. রবিউল আলম খোকন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত রবিউল আলম খোকন স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী ছিলেন। তিনি দোয়াভাঙ্গা এলাকায় জাহাঙ্গীর হোটেলের পাশের “মালিয়া এন্ড মুহাত ফ্যাশন হাউজ”-এর মালিক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে সড়কের পাশে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন খোকন। একপর্যায়ে একটি সিএনজিকে থামানোর উদ্দেশ্যে তিনি হাতের ইশারা দেন। সিএনজিটি কিছুটা সামনে গিয়ে দাঁড়ানোর পর পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের সামনের অংশের নিচে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ট্রাকের নিচ থেকে তাকে বের করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মেহেদী হাসান জানান, তিনি রহিমানগর ইসলামপুর এলাকার বাসিন্দা। তার ভাষ্য অনুযায়ী, যাত্রী ওঠানামার সময় এক যাত্রীকে ভাড়ার বাকি টাকা ফেরত দেওয়ার মুহূর্তে পেছন থেকে বালুবাহী ট্রাকটি তার সিএনজিকে ধাক্কা দেয়। পরে তিনি দেখতে পান খোকন ট্রাকের নিচে পড়ে আছেন।

দুর্ঘটনায় মেহেদী হাসানও আহত হয়েছেন। তিনি জানান, তার বুকের ওপরের অংশে আঘাত লেগেছে। এছাড়া আহত আরও একজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শাহরাস্তি অঞ্চলের বিভিন্ন সড়কে বালুবাহী ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *