চাঁদপুর সদর ও হাইমচরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এমপি হীরা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

চাঁদপুর সদর ও হাইমচরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এমপি হীরা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী চাঁদপুরের কৃতিসন্তান আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী ও রামপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে শাহতলীতে সাংবাদিকদের ব্রিফিং করেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উন্নয়নে দিন-রাত কাজ করছেন। তিনি একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। পর্যায়ক্রমে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

রাশেদা বেগম হীরা বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যাতে এসব প্রকল্পের সুফল সাধারণ মানুষ পায়।

তিনি আরও বলেন, উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। পরিদর্শনের সময় ভবিষ্যতে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, সে বিষয়ে স্থানীয় মানুষের কথা শুনেছেন। তাদের সমস্যার ভিত্তিতে যতটুকু সম্ভব কাজ করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং চাঁদপুর সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ২৯ নম্বর উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, ৪ নম্বর ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মিজিসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *