জাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তি উপজেলায় ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে আরও ২২ জন অসচ্ছল ছানি রোগীর বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ফাউন্ডেশন সূত্র জানায়, উপজেলার মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় গত মাসে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২২ জন ছানি রোগীকে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়।
পরবর্তীতে ২০ জুলাই রোগীদের ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২১ জুলাই তাদের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়।
রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধ, হাসপাতালের ব্যয়সহ চিকিৎসাসংক্রান্ত সব ধরনের খরচ ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন বহন করেছে বলে জানানো হয়েছে।
এদিকে, গত শনিবার উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের উদ্যোগে আরেকটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসা শেষে আরও ২৮ জন ছানি রোগী শনাক্ত করা হয়। তাদের তৃতীয় ধাপে ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রেও যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধ এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন।
ছানি অপারেশনের সময় ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন এবং উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম মজুমদার। রোগীদের যাতায়াত ও সার্বিক সমন্বয়ে সহযোগিতা করেন আনিসুর রহমান মাস্টার।
ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগে উপকারভোগী রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

