এলাকাবাসীর ঐক্যই মাদক নির্মূলে সবচেয়ে বড় শক্তি : ওসি হাফিজুর রহমান মানিক

এলাকাবাসীর ঐক্যই মাদক নির্মূলে সবচেয়ে বড় শক্তি : ওসি হাফিজুর রহমান মানিক

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ মতলব দক্ষিণ উপজেলা

জাহাঙ্গীর আলম প্রধান : চাঁদপুরের মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিএনটি এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে আয়োজিত এ সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক। তিনি বলেন, কোনো এলাকার মানুষ যদি ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সেখানে মাদক ব্যবসায়ীরা টিকে থাকতে পারে না। তাঁর ভাষ্য, সাধারণ মানুষের সংখ্যা সবসময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তুলনায় অনেক বেশি। তাই জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই মাদক নির্মূলে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ওসি হাফিজুর রহমান মানিক আরও বলেন, মতলবের বিভিন্ন ওয়ার্ডে মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফলভাবে বাস্তবায়িত হলে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তবে তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো অপরাধ দমনে গিয়ে যেন কেউ নিজেরাই আইনের আওতায় চলে না যান। যেকোনো তথ্য বা প্রয়োজনে পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়ে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, মতলব পৌরসভার সাবেক মেয়র এবং মাদকবিরোধী প্রতিরোধ কমিটির প্রধান উদ্যোক্তা এনামুল হক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম সোহাগ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, বিশিষ্ট ব্যবসায়ী কালাম মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিবলু, জেলা যুবদলের সদস্য রোমান কাজী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজ উভয়ের জন্যই হুমকি। এ সমস্যা মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তারা মাদকমুক্ত মতলব গড়ে তুলতে সমন্বিত সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *