আবুল কালাম আজাদ (রাসেল) : চাঁদপুরের হাইমচর উপজেলায় আলোচিত ওমর ফারুক হত্যা মামলায় পাঁচ নারী ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে যথাযথ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওমর ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় একই দিন হাইমচর থানায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর-৫ এবং জিআর নম্বর-১৩৭।
মামলা রুজুর পরপরই আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে হাইমচর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষের নেতৃত্বে একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ২ নম্বর উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট লক্ষ্মীপুর (মৃধা বাড়ি) গ্রামের বিল্লাল হোসেন মৃধার স্ত্রী আখি আক্তার (২৩), সানাউল্যাহ মৃধার স্ত্রী নাজমা বেগম (৪৫), জব্বর মৃধার স্ত্রী লাকী বেগম (৩০), হাবিব মৃধার স্ত্রী সোনিয়া বেগম (১৯) এবং মৃত রুহুল আমিন মৃধার স্ত্রী তয়মুনন্নেছা (৫৫)।
এছাড়া অভিযানে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোরকেও আটক করা হয়। তারা হলো ছোট লক্ষ্মীপুর গ্রামের সানাউল্যাহ মৃধার ছেলে জুম্মান মৃধা (১৫) এবং গাজীপুরের জয়দেবপুর থানার টেক কাতরা এলাকার মৃত পিন্টুর ছেলে মো. আব্দুল্লাহ (১৩)।
হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত ও অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

