ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে পৌরসভা কার্যালয়ের দক্ষিণ পাশে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশে বুজরুক আলী পাটওয়ারী বাড়ির অভিমুখে অভিযান পরিচালনার সময় ‘কবির স্টোর’ নামের একটি দোকানের মালিক মো. কবির হোসেন (৩৪) এবং একই এলাকার সামছুর রহমান (৪৫)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন স্থানীয় বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে এবং সামছুর রহমান মৃত আব্দুল মন্নানের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ওয়াপদা ভবনের দক্ষিণ পাশে অবস্থিত ‘কবির স্টোর’কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছিল। এলাকাবাসীর দাবি, দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে কবির হোসেন ও তার ভাই রাকিব হোসেন গোপনে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে অতীতেও কবির হোসেন ও তার ভাই রাকিব হোসেন একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। কারাভোগ শেষে জামিনে মুক্ত হওয়ার পরও তারা পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) আল-আমিন তালুকদারের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, এসআই আরিফ সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুমায়েত হোসেন জুয়েল।
পুলিশের তথ্য অনুযায়ী, কবির হোসেনের বিরুদ্ধে পূর্বে দুটি এবং তার ভাই রাকিব হোসেনের বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

