সজল পাল : শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে নিহত মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য, স্বজন এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা মো. কবির হোসেন, চাচাতো ভাই মো. গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মো. আব্দুল হক, স্থানীয় বাসিন্দা মো. ফরহাদ ও মো. জাকির হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তির পাশাপাশি আরও কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে। তাদের দাবি, ঘটনার রাতে কয়েকজনকে এলাকা ত্যাগ করতে দেখা গেছে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, গ্রেপ্তার আসামির জামিন নিশ্চিত করতে একটি পক্ষ তৎপর রয়েছে। এ অবস্থায় মামলার নিরপেক্ষ তদন্ত অব্যাহত রেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত এখনও চলমান।

