সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান

সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চাঁদপুর জেলাজুড়ে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। শনিবার (৪ জুলাই) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে একযোগে এ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের, অর্থদণ্ড এবং চালক ও পথচারীদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস মোড়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বাসস্ট্যান্ড মোড়ে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

এদিকে বাবুরহাট মোড়ে পরিচালিত বিশেষ অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান। পাশাপাশি জেলার প্রতিটি থানার প্রধান সড়কেও সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের নেতৃত্বে সমন্বিতভাবে ট্রাফিক অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি যানবাহনের চালক, মালিক ও সাধারণ পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

জেলা পুলিশ জানিয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *