আল-আমিন একাডেমীতে জাতীয় সাংবাদিক সংস্থার মাদকবিরোধী ক্যাম্পেইন

আল-আমিন একাডেমীতে জাতীয় সাংবাদিক সংস্থার মাদকবিরোধী ক্যাম্পেইন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার :  মাদক, জুয়া, কিশোরগ্যাং ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে চলমান ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর শহরের আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

একাডেমীর উপাধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত মো. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মো. মাসুদ আলম এবং নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সদস্য আরিফুর রহমান সাগর ও বোরহান সাইফ এবং একাডেমীর সিনিয়র শিক্ষক খান মো. নিয়াজ মোর্শেদ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র কাজী আল মাহিন। ইসলামী সংগীত পরিবেশন করেন আদিব রিজওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইউসুফ আলী বলেন, দেশে মাদক ও কিশোরগ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষে একা কাজ করা সম্ভব নয়। এ কাজে সাংবাদিক সংস্থাসহ সমাজের অন্যদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও অপরাধপ্রবণতা দূর করা সম্ভব। চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

প্রধান অতিথি আরও বলেন, এই উদ্যোগ চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকেই শুরু হোক। তাঁর বিশ্বাস, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *