মতলব দক্ষিণে জমি বিরোধে পাল্টাপাল্টি মামলা, উত্তেজনা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ মতলব দক্ষিণ উপজেলা

মতলব দক্ষিণে জমি বিরোধে পাল্টাপাল্টি মামলা, উত্তেজনা

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উত্তর উপাদি ইউনিয়নের আছলছিলা গ্রামে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলার অভিযোগ উঠেছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ অনুযায়ী, আছলছিলা গ্রামের আলী আকবর প্রধানিয়ার ছেলে মো. কামাল মৃত ওহাব আলী মিজির ওয়ারিশদের বিরুদ্ধে চাঁদপুর দেওয়ানি আদালতে একটি মামলা করেন। মামলায় আলম বাদশা, আব্দুর রাজ্জাক ও মো. ইসমাইলকে আসামি করা হয়েছে।

ওহাব আলী মিজির ওয়ারিশদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তারা ওই জমিতে গেলে কামাল ও তার পক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়ে মারধর করেন। এ ঘটনায় পরবর্তীতে কামাল পক্ষও ওহাব আলীর ওয়ারিশদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে আরেকটি মামলা দায়ের করে।

মামলার নোটিশ পাওয়ার পর তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মারধর ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওহাব আলীর ওয়ারিশরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কামাল পক্ষ।

ওহাব আলীর ওয়ারিশদের ভাষ্য, বিরোধটি দীর্ঘদিনের। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য কয়েক দফা শালিস-দরবার হলেও কোনো সমাধান হয়নি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন।

এ বিষয়ে মো. কামাল বলেন, তাদের সঙ্গে কোনো ধরনের ঝগড়াঝাটি হয়নি। নিয়ম মেনেই তারা জমির মালিকানা লাভ করেছেন। তিনিও এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের কারণে এলাকায় বিষয়টি নিয়ে উত্তেজনা রয়েছে। উভয় পক্ষের বক্তব্য ও আদালতে চলমান মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *