ফরিদগঞ্জে খাদ্য ও ওষুধে অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জে খাদ্য ও ওষুধে অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বাজার, সাহার বাজার ও পাটোয়ারী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্য ও ওষুধে অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বাজার, সাহার বাজার ও পাটোয়ারী বাজারে রোববার (২২ জুন, ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযানে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে আফিফা বেকারিকে ১০ হাজার টাকা, তপাদার বেকারিকে ৫ হাজার টাকা এবং মালয়েশিয়া বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ন্যাশনাল মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও সেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের আইন মেনে কার্যক্রম পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সচেতন হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *