স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতা, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বক্তব্যে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কিংবা রাজপথে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি নাশকতা, অপপ্রচার এবং অসৌজন্যমূলক রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
প্রতিবাদ কর্মসূচিতে জেলা যুবদলের সহ-সভাপতি শাহানূর বেপারী শানু, মোস্তফা বন্দুকসী, শামীম জমাদার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন বেপারী ও পারভেজ আলম রবিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় পৌর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মীর উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

