স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নিজের সচেতনতাই পরিবার ও সমাজের সুরক্ষা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরও বলেন, এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির ট্যাংক এবং নির্মাণাধীন ভবনের বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। কোনো অবস্থাতেই তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। পাশাপাশি মশারি ব্যবহার, পূর্ণহাতা পোশাক পরিধানসহ ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক তথ্য প্রচার বাড়াতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম আরও সফল হবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

