শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শাহরাস্তি উপজেলার দৈকামতা এলাকায় যুগীবাড়ী সেতুর ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই শরিফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটক কিশোররা হলো—দৈকামতা এলাকার ফাহিম (১৫), তৌহিদুল ইসলাম (১৬) ও ইয়াছিন আরাফাত (১৬)। আটকের পর তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানায়, রাতে ওই স্থানে ঘোরাফেরার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিন কিশোর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি।
পরে তাদের অভিভাবকেরা থানায় এসে ভবিষ্যতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা না করার বিষয়ে আশ্বস্ত করেন। একই সঙ্গে পুলিশ থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পায়নি।
এরপর প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে তিন কিশোরকে অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়।

