ধর্মীয় গুজব ও মব প্রতিরোধে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

ধর্মীয় গুজব ও মব প্রতিরোধে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ভুয়া ফেসবুক আইডি ও বিভ্রান্তিকর পোস্ট ব্যবহার করে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা বেড়েছে, যা অনেক ক্ষেত্রে সামাজিক অস্থিরতা ও জনরোষের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বুধবার (২৪ জুন) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার রবিউল হাসান বলেন, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে মব সৃষ্টির প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় দেশের হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় সংখ্যালঘুরা তুলনামূলকভাবে বেশি ক্ষতির মুখে পড়ে। তাই কোনো ফেক আইডি, উসকানিমূলক পোস্ট কিংবা গুজবসংক্রান্ত তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের নিরাপত্তা-সংক্রান্ত বিষয় পুলিশকে জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশি কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীদের তথ্যগত সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সম্ভব।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এ সময় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি গোপাল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব অজিত সাহা, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার এবং কচুয়া উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার।

এছাড়াও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *