আবুল কালাম আজাদ : সিভিল সার্জন ডা. মো. নূর আলম দীন হাইমচর উপজেলার বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানের ঘাটতি পাওয়ায় সংশ্লিষ্ট মালিকদের কঠোরভাবে সতর্ক করেন তিনি।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আগমন উপলক্ষে এসব ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহমুদুন্নবীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।
পরিদর্শনের সময় সিভিল সার্জন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরি, ব্যবহৃত যন্ত্রপাতি এবং সামগ্রিক চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানের পর্যাপ্ততা না থাকায় অসন্তোষ প্রকাশ করেন ডা. মো. নূর আলম দীন।
তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে বলেন, রোগীদের সঠিক রোগ নির্ণয় ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দক্ষ জনবলের ঘাটতি গ্রহণযোগ্য নয়।
সিভিল সার্জন আরও জানান, নির্ধারিত নিয়ম মেনে দ্রুত সময়ের মধ্যে দক্ষ টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে সরকারি বিধিমালা মেনে চলা এবং রোগীদের নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

