স্টাফ রিপোর্টার : জাতীয় রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পর চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি জাতীয় পর্যায়ে অর্জিত সম্মাননা, সনদপত্র ও পুরস্কার জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।
বুধবার (১ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে শিক্ষার্থীর এ সাফল্যে জেলা প্রশাসক সামিরাকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জাতীয় পর্যায়ে এমন অর্জন কেবল একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সামিরা ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তিনি আরও বলেন, মেধা, অধ্যবসায় ও সততার মাধ্যমে তরুণ প্রজন্মই দেশের অগ্রগতিকে আরও এগিয়ে নেবে। সামিরার মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সামিরা মেহনাজ নুসরাত জেলা প্রশাসকের আন্তরিক শুভেচ্ছা, মূল্যবান পরামর্শ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে স্মৃতিচারণ হিসেবে আলোকচিত্র ধারণ করা হয়। উপস্থিত সবাই সামিরার উজ্জ্বল ভবিষ্যৎ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান এবং সামিরা মেহনাজ নুসরাতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

