ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে বড় ভাই হামিম

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে বড় ভাই হামিম

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ ১

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার জোয়ারীখোলা গ্রামে পুকুরে ডুবে নাদিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছোট ভাইকে উদ্ধার করতে পানিতে নেমে বড় ভাই হামিম (৪) গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে কুমিল্লার দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার জোয়ারীখোলা গ্রামের মোবারক মেম্বারের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম সৌদি আরবপ্রবাসী আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে নাদিম পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে বড় ভাই হামিম তাকে উদ্ধারের চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় হামিমকে উন্নত চিকিৎসার জন্য দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংবাদ লেখা পর্যন্ত বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত হামিম জীবিত রয়েছে বলে জানিয়েছেন সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ।

এই হৃদয়বিদারক ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *