জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান। সোমবার দুপুরে তিনি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমামকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাজী আব্দুল কাদের মোল্লা ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি)-এর চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এবং কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল জেলা প্রশাসককে স্বাগত জানান।
অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল জানান, পরিদর্শনের সময় জেলা প্রশাসককে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি তাঁকে কলেজের বিভিন্ন স্থাপনা ও ক্যাম্পাস ঘুরে দেখানো হয়।
পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এসব বিষয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি তিনি কেএফটি কলেজিয়েট স্কুলের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।
স্থানীয় শিক্ষা উন্নয়নে মানসম্মত শিক্ষা, আধুনিক অবকাঠামো এবং শিক্ষার্থীদের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। জেলা প্রশাসকের এ পরিদর্শন প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

