কসমেটিকস বিক্রিতে অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কসমেটিকস বিক্রিতে অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের মদিনা শপিং কমপ্লেক্সে আমদানিকারকের স্টিকার ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিদেশি কসমেটিকস বিক্রি, লাগেজ পণ্য বাজারজাত এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার অভিযোগে ‘কসমেটিকস ওয়ার্ল্ড’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মদিনা শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে প্রতিষ্ঠানটির বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পাশাপাশি লাগেজ পণ্য বিক্রি ও পণ্য ক্রয়ের রশিদ না রাখার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।

এ ছাড়া প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা না থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্য ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়ার অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে।

এ সময় কসমেটিকস ওয়ার্ল্ডের কর্ণধার ছাদিউর রহমান ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

অভিযানের সময় মদিনা শপিং কমপ্লেক্সের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *