স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন’-এর উদ্যোগে মাদকবিরোধী ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও চাঁদপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, বরং এটি ভবিষ্যতে আয়-রোজগারেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভালো খেলোয়াড় পরিবার ও সমাজের জন্য বোঝা নয়, বরং সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে দেশের যেকোনো পর্যায়ে খেলার সুযোগ তৈরি করা সম্ভব। ফুটবলের বিভিন্ন পজিশন সম্পর্কে ধারণা থাকা, কৌশলগত দক্ষতা অর্জন এবং কোচ ও সিনিয়র খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত জরুরি। খেলাধুলা ও শিক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে দেখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রতন বেপারী সেলিম, উপদেষ্টা পি.এম বিল্লাল এবং সংগঠনের সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার অ্যাডভোকেট আবুল কালাম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কার্যক্রমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক কৃতি ফুটবলার লিটন সরকার। আয়োজকদের মতে, এই মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের ক্রীড়ামুখী করে গড়ে তোলা এবং সামাজিক অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখাই মূল লক্ষ্য।

