হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সালাহ্উদ্দিন, সম্পাদক শাহাবউদ্দিন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সালাহ্উদ্দিন, সম্পাদক শাহাবউদ্দিন

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাজীগঞ্জ উপজেলা

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. সালাউদ্দিন আল ফারুক, সাধারণ সম্পাদক পদে মো. শাহাব উদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে জিসান আহমেদ ছিদ্দিকী নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ঘোড়া প্রতীকে মো. সালাউদ্দিন আল ফারুক পেয়েছেন ১ হাজার ৪৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. শাহাব উদ্দিন সাবু পেয়েছেন ৮৪৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাইক প্রতীকে জিসান আহমেদ ছিদ্দিকী পেয়েছেন ১ হাজার ১০৮ ভোট।

নির্বাচনে সমিতির বিভিন্ন সম্পাদকীয় পদ ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদসহ মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি ওয়ার্ডের ভোটারদের ১৩ থেকে ১৪টি পদে ভোট দিতে হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। পাশাপাশি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন এবং চাঁদপুর জেলা পুলিশের বিশেষ দল মাঠে দায়িত্ব পালন করে।

শনিবার ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে ভোট গণনা চলে। প্রতিটি ব্যালটে ১৩ থেকে ১৪টি পদের হিসাব থাকায় গণনায় সময় বেশি লাগে। পরে রবিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, উপজেলা সমবায় কর্মকর্তা ও সদস্য সচিব মো. গোলামুর রহমান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ও সদস্য মোশাররফ হোসেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে মোমবাতি প্রতীকে ৯১৬ ভোট পেয়ে ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীকে ১ হাজার ৯৫ ভোট পেয়ে বাহালুল আলম খোকন জয়ী হন।

কোষাধ্যক্ষ পদে ডালিম প্রতীকে ১ হাজার ১৭ ভোট পেয়ে মহসিন মিয়াজী, দপ্তর সম্পাদক পদে কলম প্রতীকে ৭৩৯ ভোট পেয়ে হাবীব উল্লাহ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৭১৬ ভোট পেয়ে সাজ্জাদুল ইসলাম সজীব নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীকে ১ হাজার ৫৪২ ভোট পেয়ে আরমান তালুকদার হৃদয়, শিল্প সম্পাদক পদে সিএনজি প্রতীকে ১ হাজার ৪৩১ ভোট পেয়ে হাফেজ মো. তানভীর হোসেন এবং বাণিজ্য সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ১ হাজার ২৩৫ ভোট পেয়ে মোঃ আশরাফ আলী নির্বাচিত হয়েছেন।

ওয়ার্ড কমিশনার পদে ২ নম্বর ওয়ার্ডে মোবাইল সেট প্রতীকে মোঃ শাহাদাত হোসেন (মিশু), ৩ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে মোঃ আমির হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে আঃ রহিম, ৫ নম্বর ওয়ার্ডে ডাব প্রতীকে মিজানুর রহমান এবং ৬ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে লিপন পোদ্দার নির্বাচিত হয়েছেন।

৭ নম্বর ওয়ার্ডে মোবাইল সেট প্রতীকে মোঃ আল আমিন এবং ৮ নম্বর ওয়ার্ডে একই প্রতীকে মোঃ জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থীকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন উপলক্ষে শনিবার হাজীগঞ্জ বাজারের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সকাল থেকেই ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থী ও সমর্থকদের ব্যানার-পোস্টার এবং বিভিন্ন ধরনের সাজসজ্জা দেখা যায়। প্রার্থীরা কেন্দ্রের আশপাশে উপস্থিত থেকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চললেও কেন্দ্রের বাইরে মাঝে মাঝে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দায়িত্বশীলদের হস্তক্ষেপে এসব পরিস্থিতি স্বল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

দীর্ঘ প্রতীক্ষার পর ফলাফল প্রকাশের মধ্য দিয়ে শেষ হয় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *