হাইমচরে মাদক প্রতিরোধে ইউএনও-ওসির সঙ্গে ফোরামের সাক্ষাৎ

হাইমচরে মাদক প্রতিরোধে ইউএনও-ওসির সঙ্গে ফোরামের সাক্ষাৎ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

আবুল কালাম আজাদ : হাইমচরে মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের নেতৃবৃন্দ। সোমবার (৩১ আগস্ট) সকালে পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সোমবার সকালে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. নজরুল ইসলামের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন ফোরামের নেতারা। পরে হাইমচর থানায় ওসি মো. শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

ফোরামের সমন্বয়কারী মোহাম্মদ ফারুকুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের, বাজাপ্তী রমনীমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরাম সদস্য আবদুল মান্নান শিকদার, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরাম সদস্য শাখাওয়াত হোসেন, হাইমচর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ফোরাম সদস্য মো. বিল্লাল পাটোয়ারী এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ফোরাম সদস্য মো. আবদুর রহমান, দৈনিক কালবেলার চাঁদপুর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, দৈনিক চাঁদপুর সংবাদের সাংবাদিক আবুল কালাম আজাদ (রাসেল), দৈনিক ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি মো. মামুন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ।

সাক্ষাৎকালে ফোরামের সদস্য ও উপজেলার ব্যবসায়ী মো. ফারুকুল ইসলাম খান, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, আসিফ মহিউদ্দিনসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আলোচনায় হাইমচরে মাদকের বিস্তার ঠেকানো, তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়।

বক্তারা বলেন, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, তরুণদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা জরুরি।

সৌজন্য সাক্ষাৎকালে মাদকবিরোধী কার্যক্রমে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

মাদকমুক্ত হাইমচর গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন ফোরামের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *