মতলব দক্ষিণে জমি বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
আরিফুর রহমান : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামে জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদের (৪২) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের ভেতরে জমি ও বাড়ির সামনের জায়গা ব্যবহার নিয়ে বিরোধ চলছিল। সর্বশেষ ওই স্থানে ধান, গম ও ভুট্টা শুকানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে আব্দুল কাদের নিজের বাড়ির সামনে ধুলোবালি ও নিরাপত্তাজনিত কারণে বেড়া দেন বলে দাবি করা হয়, যা নিয়ে বিরোধ আরও তীব্র হয়।
অভিযোগ অনুযায়ী, ৯ মে ২০২৬, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল কাদের তার ব্যবসা প্রতিষ্ঠানে মুন্সিরহাট বাজারে যাচ্ছিলেন। পথে একই বাড়ির কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালায়।
অভিযুক্তরা হলেন—মোঃ নুরনবী (২৮), মোঃ নুরুল আলম (২৫), মোঃ সাইফুল ইসলাম (২৩), মিজানুর রহমান (৫৫) ও শাহিদা বেগম (৪৮)।
হামলার সময় লোহার রড দিয়ে আঘাত করলে আব্দুল কাদেরের বাম হাতের কবজি ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, হামলার সময় তার সঙ্গে থাকা ব্যবসার নগদ টাকা ও একটি মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। এছাড়া তার স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় মোটরসাইকেল ও মোবাইল ক্ষতিসহ প্রায় ৩০ হাজার টাকার অতিরিক্ত ক্ষতির কথাও অভিযোগে বলা হয়েছে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল কাদের অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ও তার পরিবারকে দফায় দফায় প্রাণনাশ এবং গুমের হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

