কচুয়ায় ফসলি জমিতে অবৈধ ড্রেজার, জরিমানা ৬০ হাজার টাকা
কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।
জানা গেছে, বাতাবাড়িয়া গ্রামে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আইন অমান্য করে মাটি কাটার কার্যক্রম পরিচালনার বিষয়টি ধরা পড়ে।
পরে আবুল হোসেনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার এবং অনুমোদনহীন মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কচুয়া থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।

