নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের এসবি খালের ওপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোড এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লা সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরকার, মেসার্স সাব্বির কর্পোরেশনের ম্যানেজার মোহাম্মদ শাহজালাল মাঝি, ঠিকাদার মেহেদী মল্লিক, আল-আমিন খান ও মুনাফ গাজীসহ সংশ্লিষ্টরা।
নির্মাণকাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা পরিষদের বাস্তবায়নে এসবি খালের ওপর আরসিসি বক্সকালভার্টটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।
সংশ্লিষ্টরা জানান, বক্সকালভার্টটি নির্মিত হলে ওই এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যাও অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

