মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনঅসন্তোষের মধ্যে পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধর ও জোরপূর্বক আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার চির্কা গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় উত্তর ধানুয়া এলাকা থেকে ওই কর্মীকে উদ্ধার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল কার্যালয়ের আওতাধীন চির্কা উপকেন্দ্রে মঙ্গলবার সকাল ১০টার দিকে দায়িত্ব পালন করছিলেন লাইনম্যান মো. ইব্রাহিম ও মো. আব্দুল কাদের। এ সময় একদল যুবক উপকেন্দ্রে প্রবেশ করে প্রথমে ইব্রাহিমকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা আব্দুল কাদেরকে জোরপূর্বক উত্তর ধানুয়া গ্রামে নিয়ে গিয়ে আটকে রাখে।
খবর পেয়ে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাজির উল্লাহ স্থানীয়দের সহায়তায় আব্দুল কাদেরকে উদ্ধার করেন।
ঘটনার পর চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সাইফুল আলম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, সাম্প্রতিক সময়ে এলাকায় অতিরিক্ত লোডশেডিং ও উচ্চ বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, এসব বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অনেক সময় কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন, মেহেদী হাসান মঞ্জু, আব্দুল আওয়াল ও মিন্টু মিয়াসহ কয়েকজনের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন কিছু গ্রাহক বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ নিয়ে উপকেন্দ্রে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মীমাংসার চেষ্টা করা হয়।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ বলেন, “লোডশেডিং ও বিদ্যুৎ বিল নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে শুনেছি।”
পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, “ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি এখন আইনগত প্রক্রিয়াধীন।”
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধরের অভিযোগে একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের সেবা ও গ্রাহক অসন্তোষের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।

