ফরিদগঞ্জে বিরিয়ানির মাংসে পোকা, তদন্তের আশ্বাস

ফরিদগঞ্জে বিরিয়ানির মাংসে পোকা, তদন্তের আশ্বাস

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ বাজারে একটি বিরিয়ানির প্যাকেটের মাংসের ভেতর পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার (১৭ জুলাই) সকালে তালুকদার প্লাজার সামনে অবস্থিত হাজী বিরিয়ানি হাউস থেকে কেনা গরুর বিরিয়ানিতে এ ঘটনা ঘটে। অভিযোগের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

ভুক্তভোগী রাজু গাজী জানান, বৃষ্টিভেজা সকালে সন্তানদের আবদার পূরণ করতে তিনি ওই প্রতিষ্ঠান থেকে দুই প্যাকেট গরুর বিরিয়ানি কিনে বাসায় ফেরেন। পরিবারের সদস্যরা একটি প্যাকেটের খাবার খেয়ে ফেললেও দ্বিতীয় প্যাকেট খুলে মাংসের ভেতরে পোকা দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে অরুচি ও বমিভাব দেখা দেয়।

ঘটনার পর রাজু গাজী পোকাযুক্ত বিরিয়ানির প্যাকেট নিয়ে তাৎক্ষণিকভাবে দোকানে যান এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। তার ভাষ্য, সন্তানদের জন্য কেনা খাবারে এমন পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক এবং অগ্রহণযোগ্য।

অভিযোগের বিষয়ে হাজী বিরিয়ানি হাউসের ম্যানেজার ইয়াসিনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পোকাযুক্ত খাবার বিক্রির কারণ সম্পর্কে করা প্রশ্নেরও তিনি জবাব দেননি।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে দোকানের সামনে স্থানীয়দের ভিড় জমে। তাদের দাবি, এটি একক কোনো ঘটনা নয়; এর আগেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ উঠেছিল। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন অভিযোগ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ বলে মন্তব্য করেন তারা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল আল ইমরান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। জনস্বাস্থ্যের ক্ষতি এবং ভোক্তার অধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এমন আশ্বাসকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *