পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগ শহরের ওয়ারলেস বাজারে

পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগ শহরের ওয়ারলেস বাজারে

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগ শহরের ওয়ারলেস বাজারে

পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগ শহরের ওয়ারলেস বাজারেস্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ওয়ারলেস বাজার-এ কোনো পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন হাজারো যাত্রী, পথচারী ও ব্যবসায়ী এই এলাকায় চলাচল করলেও মৌলিক এই নাগরিক সুবিধা দীর্ঘদিনেও নিশ্চিত হয়নি।
স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা থাকা সত্ত্বেও এখনো কোনো পাবলিক টয়লেট নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে বাজারটি কুমিল্লা মহাসড়কসহ রায়পুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীগামী গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল হওয়ায় এখানে জনসমাগম সবসময়ই বেশি থাকে।
ওয়ারলেস বাজারের ব্যবসায়ী সাগর গাজী বলেন, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও একটি পাবলিক টয়লেট নেই। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী ও দূরপাল্লার যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা সোহেল জানান, বহুবার বিষয়টি আলোচনায় এলেও এখনো কোনো বাস্তব সমাধান হয়নি। গুরুত্বপূর্ণ এই এলাকায় ন্যূনতম নাগরিক সুবিধার অভাব রয়েছে।
বাস যাত্রী আলামিন মুন্সি বলেন, দীর্ঘ সময় রাস্তায় থাকার পর প্রয়োজন হলে আশপাশের বাসাবাড়ি, মসজিদ বা মাদ্রাসায় যেতে হয়, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।
সিএনজি যাত্রী রেবেকা সুলতানা বলেন, নারী ও শিশুদের জন্য বিষয়টি আরও কষ্টকর। জরুরি মুহূর্তে কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়রা মনে করছেন, চাঁদপুর পৌরসভা এবং সড়ক ও জনপথ অধিদপ্তর-এর সমন্বয়ে নির্ধারিত স্থানে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা সম্ভব। স্বল্প খরচে পরিচালনার জন্য স্টাফ নিয়োগ ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি টেকসইভাবে চালানো যেতে পারে।
তাদের মতে, শহরের অন্যান্য অংশে এ ধরনের উদ্যোগ থাকলেও ওয়ারলেস বাজারে এখনো কোনো ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে।
স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক ও পরিবহন সংযোগস্থলে দ্রুত একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হলে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে। তারা চাঁদপুর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *